অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের ছাড় দেবে না সরকার
সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের মতো সামাজিক ব্যাধি দমনে নির্দিষ্ট সময়ের মধ্যে সফলতা না পাওয়া গেলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রাজধানীর রাজারবাগস্থ পুলিশ সদর দপ্তরে আয়োজিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সম্মেলন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।
মন্ত্রী জানান, পুলিশ বাহিনীকে জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে নানা কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিশেষ ইউনিট গঠন করে অভিযান জোরদার করা হয়েছে। একইসাথে, নির্ধারিত সময়ের মধ্যে বাতিল হওয়া অস্ত্রের লাইসেন্স জমা না দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও ইতিমধ্যে মামলা দায়ের করে অভিযান পরিচালনা করা হচ্ছে।
অপরাধ নিয়ন্ত্রণে জনসাধরণের সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারী অস্ত্র উদ্ধারে সঠিক তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা এবং পিস্তল বা শটগান উদ্ধারে সহায়তার জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। এছাড়া সাউন্ড গ্রেনেড বা টিয়ারগ্যাস শেল উদ্ধারে তথ্য প্রদানকারীরা ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার পাবেন। তিনি এও নিশ্চিত করেন যে, তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে।

