পাত্রী দেখার কয়েক ঘণ্টা পরই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অপু দাশ

প্রাইম বার্তা অনলাইন
২৯ আগস্ট ২০২৬ ২:২০ পিএম
পাত্রী দেখার কয়েক ঘণ্টা পরই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অপু দাশ

চট্টগ্রামের রাউজানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারলেন অপু দাশ (২৮) নামে এক যুবক। নিহতের পরিবার ও সহকর্মীরা জানিয়েছেন, বিয়ের প্রস্তুতির অংশ হিসেবে মাত্র কয়েক ঘণ্টা আগে পাত্রী দেখে এসেছিলেন তিনি। ঘরে ফেরার পর নতুন সংসারের স্বপ্ন দেখছিলেন অপু, কিন্তু নিমিষেই সব শেষ হয়ে যায়। শুক্রবার (২৮ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাউজানের পাহাড়তলী ইউনিয়নের ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজের কাছে কাতালপীর শাহ দরগাহ এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে একটি মর্মান্তিক দুর্ঘটনায় পতিত হন তিনি। ঘটনাস্থলেই তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত অপু দাশ রাঙুনিয়া উপজেলার উত্তর সাবেক রাঙুনিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত বাদল দাশের একমাত্র সন্তান। তিনি রাউজানের দি বিসিসিইউএল জেনারেল হাসপাতালে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে কর্মক্ষেত্র ও পারিবারিক পরিবেশে শোকের ছায়া নেমে এসেছে।

দি বিসিসিইউএল জেনারেল হাসপাতালের পরিচালক (মার্কেটিং) মৃনাল কান্তি বড়ুয়া গভীর শোক প্রকাশ করে বলেন, অপু ছিলেন অত্যন্ত বিশ্বস্ত এবং দায়িত্বশীল কর্মকর্তা। তিনি আরও জানান, দুর্ঘটনার মাত্র কিছুক্ষণ আগেই অপুর বিয়ের পাত্রী দেখা সম্পন্ন হয়েছিল। নতুন সংসারের স্বপ্ন নিয়ে তিনি বাড়ি ফিরেছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সব স্বপ্ন তছনছ হয়ে গেল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...