লোডশেডিং নিয়ে দুঃখ প্রকাশ, বিরোধীদের রাজনীতি প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রী
চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে সৃষ্ট লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, গ্যাস সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতিরও দ্রুত উন্নতি হবে। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় বিদ্যুৎ ও গ্যাস নিয়ে সমালোচনাকারীদের একহাত নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনেকেই ঘরে বসে এসি চালিয়ে হাতে হারিকেন নিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন, যা হঠকারিতা ছাড়া কিছুই নয়। তিনি মনে করিয়ে দেন, গতানুগতিক সরকারের আমলে এলএনজি টার্মিনাল স্থাপন বন্ধ থাকার কারণেই বর্তমান সংকট তৈরি হয়েছে। তবে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনে সরকার ইতোমধ্যে চীন ও মালয়েশিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে।
বিরোধীদলকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, বিভ্রান্তি ছড়ানোর আগে তারা যদি ৩ থেকে ৬ মাসের মধ্যে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের বাস্তবসম্মত পরিকল্পনা উপস্থাপন করতে পারেন, তবে সরকার তা গ্রহণ করবে। অন্যথায় ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য তাদের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

