আবহাওয়া বাধাকে উপেক্ষা করেই শুঁটকি শুকাবে শেকৃবির স্মার্ট প্রযুক্তি
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন যা বৃষ্টি, ধুলোবালি বা পোকামাকড়ের প্রভাব এড়িয়ে নিয়ন্ত্রিত পরিবেশে মাছ ও শুঁটকি শুকাতে সক্ষম। বিশ্ববিদ্যালয়ের ফিশিং অ্যান্ড পোস্ট-হারভেস্ট টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ রানার নেতৃত্বে এই আইওটি-ভিত্তিক সৌরশক্তি চালিত ‘এসএইউ স্মার্ট ড্রায়ার’ তৈরি করা হয়েছে, যা দেশের কৃষি ও মৎস্য খাতের পণ্য নষ্ট হওয়ার হার কমাতে বড় ভূমিকা রাখবে।
দেশে প্রচুর ফল, সবজি ও মাছ উৎপাদন হলেও সঠিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অভাবে প্রচুর পরিমাণে পণ্য নষ্ট হয়। প্রচলিত পদ্ধতিতে খোলা আকাশের নিচে রোদে মাছ শুকালে ধুলো, মাছি ও পোকামাকড়ের দ্বারা এটি দূষিত হয়। অনিয়ন্ত্রিত আবহাওয়া ও বৃষ্টির কারণে শুকানোর প্রক্রিয়া ব্যাহত হয়, যাতে মাছের গুণগত মান নষ্ট হয় এবং দুর্গন্ধ ছড়ায়। এমনকি পোকামাকড় দমনে অনিরাপদ রাসায়নিকের ব্যবহারও খাদ্যনিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।
এই প্রেক্ষাপটে উদ্ভাবিত স্মার্ট ড্রায়ারটি সম্পূর্ণ সৌরশক্তি নির্ভর এবং এটি আইওটি প্রযুক্তিতে পরিচালিত। এর মাধ্যমে দিনের বেলা সূর্যের তাপ ও সৌরশক্তি ব্যবহার করে নিয়ন্ত্রিত তাপমাত্রায় মাছ শুকানো যায়। এর বিশেষত্ব হলো, বাইরে বৃষ্টি হলেও বা আর্দ্রতা বেশি থাকলেও এই মেশিনের ভেতরে শুকানোর কাজ অব্যাহত থাকে। এটি শুধু শুঁটকি নয়, ফল, সবজি, সি-ফুড এবং বিভিন্ন কৃষিপণ্য দীর্ঘদিন সংরক্ষণের জন্য শুকাতেও ব্যবহার করা যাবে, যা কৃষক ও মৎস্যজীবীদের আর্থিক ক্ষতি কমাতে সহায়ক হবে।

