ডাক্তারদের প্রতি বিশ্বাস ছাড়া বিদেশমুখিতা থামবে না: তারেক রহমান
আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, হাসপাতালের অবকাঠামো উন্নয়ন করলেই শুধু হবে না, রোগী ও তার স্বজনরা যদি চিকিৎসকদের ওপর সম্পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধার সম্পর্ক অনুভব না করেন, তবে চিকিৎসার জন্য মানুষের বিদেশমুখিতা রোধ করা অসম্ভব।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এই ৫০০ শয্যাবিশিষ্ট আধুনিক ভবনটির উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী জানান, ২০০৬ সালের ২৩ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সময়ের পরিবর্তনে আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে হাসপাতালটি এখন বড় আকার ধারণ করেছে। তিনি স্বাস্থ্য সেবায় নিয়োজিত সবাইকে ধন্যবাদ জানান এবং বলেন, নতুন ভবনে আধুনিক আইসিইউ, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সুবিধার কারণে স্ট্রোক, এপিলেপসি ও পারকিনসন্সের মতো জটিল রোগের চিকিৎসা সক্ষমতা বহুগুণ বেড়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, স্নায়ুবিক জটিলতা বর্তমানে সারাবিশ্বে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ যেন স্বল্প খরচে বিশ্বমানের নিউরোচিকিৎসা পান, সে লক্ষ্যেই ‘নিউরোসায়েন্স-২’ ভবনটি নির্মাণ করা হয়েছে। এটি শুধু রোগী ভর্তির সুবিধাই নয়, চিকিৎসা গবেষণা ও উচ্চতর শিক্ষার ক্ষেত্রেও এক নতুন দিগন্ত সৃষ্টি করবে।

