রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ৫৫৯, উদ্ধার বিপুল মাদক-অস্ত্র
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে ৫৫৯ জনকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে ১১৮ জন, গুলশান বিভাগে ১০৫ জন, ওয়ারী বিভাগে ৮৭ জন, তেজগাঁও বিভাগে ৭৯ জন, মতিঝিল বিভাগে ৬৫ জন, উত্তরা বিভাগে ৩৭ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, রমনা বিভাগে ৩২ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের মাধ্যমে বিভিন্ন মামলার ৪৪টি ওয়ারেন্ট তামিলসহ তাদেরকে আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করেছে পুলিশ। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৩টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, ১টি খেলনা পিস্তল, ২টি সুইচ গিয়ার, ১টি চাকু, ১টি ব্লেড এবং ১৭টি মোবাইল ফোন। এছাড়া ৫১০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭১০ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন, ১৫ বোতল দেশি মদ, ১ লিটার বিদেশি মদ ও ২ হাজার ৭০০ টাকা নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

