প্রধানমন্ত্রীর আত্মীয়ের পাম্পের কোটি টাকা লুট, ভুয়া র্যাবের ৫ সদস্য গ্রেফতার
রাজধানীর উত্তরায় প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের মালিকানাধীন পেট্রোল পাম্পের কোটি টাকারও বেশি টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত একটি চক্রকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতারের পাশাপাশি লুট হওয়া ১২ লাখ টাকা, অস্ত্র ও র্যাবের পোশাক উদ্ধার করা হয়েছে। গত ৯ আগস্ট সকালে উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ওই চক্রটি র্যাব সদস্য পরিচয় দিয়ে এই দপ্তরটি ঘটায়।
ডিবি পুলিশ জানায়, ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে ডিএল ফিলিং স্টেশনের চার কর্মচারী এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন। বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ সড়কের ক্রাউন প্লাজার কাছে বিআরটি লেনে পৌঁছালে মোটরসাইকেল আরোহী একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। তারা র্যাবের পোশাক, আইডি কার্ড ও ওয়াকিটকি দেখিয়ে চাঁদাবাজির চেষ্টা করে এবং বাধা পেলে অস্ত্রের মুখে টাকা লুট করে পালিয়ে যায়। পরবর্তীতে তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. ইলিয়াস শিকদার, জাফর, মো. রবিউল ইসলাম ওরফে রুবেল, মিন্টু রাড়ী ও সাগর বাড়ৈ। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪টি পিস্তল, ৬টি ম্যাগাজিন, ২১ রাউন্ড গুলি, র্যাবের ভুয়া পরিচয়পত্র, ভেস্ট, ক্যাপ, ওয়াকিটকি, হাতকড়া ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, ডিএল পেট্রোল পাম্পটি প্রধানমন্ত্রীর খালাতো ভাই তাসীন আক্তার হকের মালিকানাধীন।

