গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে বিএসটিআইকে জানানোর দাবি শিল্প প্রতিনিধিদের

প্রাইম বার্তা অনলাইন
৩১ জুলাই ২০২৬ ২:০৭ এএম
গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে বিএসটিআইকে জানানোর দাবি শিল্প প্রতিনিধিদের

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানিয়েছেন, টুথপেস্ট বা অন্য কোনো পণ্যে মাইক্রোপ্লাস্টিক বা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে গবেষণা করলে তা প্রকাশের আগে অবশ্যই নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করতে হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পণ্যের মান যাচাইয়ের সুযোগ পাবে। একইসঙ্গে এ ধরনের গবেষণা প্রকাশে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নেরও দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার, ৩০ জুলাই রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে আয়োজিত এক গণশুনানিতে শিল্প নেতৃবৃন্দ এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হক। তিনি বলেন, উন্নতমানের গবেষণা জাতির জন্য কাম্য, তবে এমন কিছু প্রকাশ করা উচিত নয় যা জনমনে আতঙ্ক তৈরি করে। সম্প্রতি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে যে গবেষণা প্রতিবেদন প্রকাশ হয়েছে, তা প্রকাশের আগে বিএসটিআইকে জানালে ভালো হতো। তিনি আরও জানান, বিশ্বব্যাপী মাইক্রোপ্লাস্টিকের মাত্রা নির্ধারণে কোনো স্ট্যান্ডার্ড না থাকলেও বিশেষজ্ঞ কমিটি আন্তর্জাতিক মান যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

স্কয়ার গ্রুপের আইন উপদেষ্টা মো. সোহেল হোসেন বলেন, টুথপেস্ট বিএসটিআইয়ের বাধ্যতামূলক সনদের আওতাভুক্ত পণ্য। এমতাবস্থায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের উচিত ফলাফল প্রকাশের আগে রেগুলেটরি বডির সঙ্গে আলোচনা করা। গণশুনানিতে প্রাণ-আরএফএল, নেসলে, এসিআই, ইউনিলিভার, ট্রান্সকম, আকিজ ও নিউজিল্যান্ড ডেইরির মতো প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। তারা বিএসটিআইয়ের সেবার মানোন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতেও বিভিন্ন সুপারিশ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...