বাংলাদেশের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের স্বীকৃতি, কমলো ভ্রমণ সতর্কতা
বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ওপর ভিত্তি করে দেশটির জন্য যুক্তরাষ্ট্রের জারি করা ভ্রমণ সতর্কতা বা ‘ট্রাভেল অ্যাডভাইজরি’ শিথিল করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ওয়াশিংটন বাংলাদেশের ভ্রমণ নিরাপত্তা স্তর পূর্বের লেভেল-৩ (পুনর্বিবেচনা করে ভ্রমণ) থেকে লেভেল-২ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ভ্রমণ)-এ উন্নীত করেছে।
ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর-এর মধ্যে এক ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠকের পর এই ইতিবাচক সিদ্ধান্ত এসেছে। বৈঠক শেষে মার্কিন দূত খুদে বার্তার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে এ তথ্য জানান। এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যে সাফল্য দেখিয়েছে, তা যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের মূল ভিত্তি। এই পদক্ষেপ দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এবং বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

