কাফরুলে ইউসুফ হত্যা: বাবুর অভিযোগ ‘রাজনৈতিক ষড়যন্ত্র’, দাবি জনির

প্রাইম বার্তা অনলাইন
৩১ জুলাই ২০২৬ ১:৩২ এএম
কাফরুলে ইউসুফ হত্যা: বাবুর অভিযোগ ‘রাজনৈতিক ষড়যন্ত্র’, দাবি জনির

রাজধানীর কাফরুলে সশস্ত্র হামলায় যুবদল কর্মী ইউসুফ নিহতের ঘটনায় নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন কাফরুল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাব্বির দেওয়ান জনি। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে তাকে জড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন একটি প্রতিপক্ষীয় গোষ্ঠী, যারা ঘোলা পানিতে মাছ শিকার করে রাজনৈতিক স্বার্থ হাসিলের অপচেষ্টায় লিপ্ত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। সাব্বির দেওয়ান জনি বলেন, গত শুক্রবার (২৪ জুলাই) রাতে কাফরুলের ঘটনায় প্রকৃত দায়ীরা শনাক্ত হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার মধ্যেই হামলাকারীসহ চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। প্রশাসন এ বিষয়ে স্পষ্ট ধারণা দিয়েছে যে এটি একটি কিলিং মিশন। তবুও কিছু লোক তদন্তের পূর্বেই তাকে হেয় করার জন্য মিথ্যাচারে লিপ্ত রয়েছে।

কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবুর উদ্দেশ্যে জনি বলেন, আইন যদি তার নিজস্ব গতিতে চলে এবং আমরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, তাহলে এই তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা কেন? এই ধরনের অপপ্রচারের মাধ্যমে তার পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে। এর আগে বাবু এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে তার প্রার্থী হওয়ার ইচ্ছার কারণেই এই হামলা ও হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। জনি এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...