মিরপুরে যুবদল কর্মী হত্যা: সাব্বির দেওয়ান জনির বিরুদ্ধে অভিযোগ বানোয়াট, দাবি তার

প্রাইম বার্তা অনলাইন
৩০ জুলাই ২০২৬ ১০:১৯ পিএম
মিরপুরে যুবদল কর্মী হত্যা: সাব্বির দেওয়ান জনির বিরুদ্ধে অভিযোগ বানোয়াট, দাবি তার

কাফরুল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাব্বির দেওয়ান জনি বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন যে, মিরপুরের কাফরুল এলাকায় সশস্ত্র হামলায় যুবদল কর্মী ইউসুফ নিহত হওয়ার ঘটনায় তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সাথে তাকে জড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা চালানো হচ্ছে।

সম্প্রতি গত ২৪ জুলাই শুক্রবার রাতে মিরপুরের কাফরুল এলাকায় এক সশস্ত্র হামলায় যুবদল কর্মী ইউসুফ নিহত হন এবং আরও দুজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। ঘটনার পর কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবু সাব্বির দেওয়ান জনিকে এই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেন। বাবু দাবি করেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে তার প্রার্থী হওয়ার ইচ্ছাই এই হামলার মূল কারণ।

সংবাদ সম্মেলনে জনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই কিলিং মিশনে অংশ নেওয়া চারজনসহ তাদের সহযোগীদের গ্রেফতার করেছে এবং প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে কেন এই হত্যাকাণ্ড ঘটেছে। এরপরও বাবু একটি সংবাদ সম্মেলন করে মিথ্যা তথ্য প্রচার করছেন বলে অভিযোগ করেন তিনি। জনি বলেন, তদন্ত নিষ্পত্তি না হওয়ার আগেই একটি নির্দিষ্ট পক্ষ রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য তার নাম ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।

সাব্বির দেওয়ান জনি প্রশ্ন রেখে বলেন, যদি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হই এবং আইন যদি তার নিজস্ব গতিতে চলে, তাহলে কেন এই তদন্তকে অন্য দিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় তার পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলেও দাবি করেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...