১৩ দেশ পাড়ি দিয়ে আমেরিকা গিয়েও দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি

প্রাইম বার্তা অনলাইন
৩১ জুলাই ২০২৬ ১:২১ এএম
১৩ দেশ পাড়ি দিয়ে আমেরিকা গিয়েও দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি

উন্নত জীবনের আশায় বিপুল অর্থ খরচ করেও স্বপ্নভঙ্গের তিক্ত অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরলেন ২৩ জন বাংলাদেশি। যুক্তরাষ্ট্রের চলমান অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের ঢাকায় ফেরত পাঠানো হয়। বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে তারা অবতরণ করেন।

ফেরত আসা ব্যক্তিদের বর্ণনা অনুযায়ী, আমেরিকায় পৌঁছাতে তাদের দক্ষিণ ও মধ্য আমেরিকার অন্তত ১৩ থেকে ১৫টি দেশ পাড়ি দিতে হয়েছে। বাসে ও পায়ে হেঁটে বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া, হন্ডুরাস ও গুয়াতেমালার মতো দুর্গম পথ অতিক্রম করে মেক্সিকো সীমান্ত দিয়ে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, এই ঝুঁকিপূর্ণ যাত্রায় প্রত্যেকের পেছনে গড়ে ৫০ থেকে ৬৫ লাখ টাকা ব্যয় হয়েছে।

জানা গেছে, ফেরত আসা অধিকাংশ ব্যক্তি বৈধ পথে ব্রাজিলে গেলেও দালালচক্রের খপ্পরে পড়ে অনিয়মিত পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা চালান। অভিবাসন সংক্রান্ত আইনি জটিলতার কারণে তাদের আটক ও পরে দেশে নির্বাসিত করা হয়। শরিফুল হাসান এই ঘটনার প্রেক্ষিতে দেশের মানুষকে অবৈধ পথে বিদেশ গমনের মারাত্মক ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...