প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে: চুয়েট ভিসি
জলবায়ু পরিবর্তন ও জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার জরুরি এবং এ ক্ষেত্রে দেশের প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক অবস্থানকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম। তিনি বলেন, পরিবেশ রক্ষায় এবং টেকসই উন্নয়নে এই খাতে আরও মনোযোগ দেওয়া এখন সময়ের দাবি।
গত বুধবার (২৯ জুলাই) চট্টগ্রামের পটিয়ায় আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নরওয়ে দূতাবাসের সহযোগিতায় আয়োজিত ‘সবুজ ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য শক্তি’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। সেমিনারে বক্তারা উল্লেখ করেন, জীবাশ্ম জ্বালানির সীমাবদ্ধতা ও পরিবেশ দূষণের কারণে বিশ্ব আজ বড় চ্যালেঞ্জের মুখোমুখি। বাংলাদেশের সৌরবিদ্যুৎ ও বায়ুশক্তির মতো উদ্যোগগুলোকে আরও এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের আগে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে চুয়েটের ভিসি নির্বাচিত হওয়ায় অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় তিনি বলেন, সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং তরুণ সমাজ একসঙ্গে কাজ করলে পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

