রাজধানীজুড়ে ডিএমপির বৃহৎ অভিযানে গ্রেফতার ৫০৩, উদ্ধার বিপুল মাদক

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুলাই ২০২৬ ৩:৪০ পিএম
রাজধানীজুড়ে ডিএমপির বৃহৎ অভিযানে গ্রেফতার ৫০৩, উদ্ধার বিপুল মাদক

রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ৫০৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে মাদক ও অন্যান্য অপরাধের দায়ে আটকদের বিরুদ্ধে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন থানার ওয়ারেন্টের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। বিভাগ ভিত্তিক আটকের মধ্যে মিরপুর বিভাগ ১২২ জন, মতিঝিল বিভাগ ৮২ জন, তেজগাঁও বিভাগ ৭৪ জন এবং উত্তরা বিভাগ ৬৯ জনকে আটক করা হয়েছে। এছাড়া রমনা, লালবাগ, ওয়ারি ও গুলশান বিভাগ এবং গোয়েন্দা বিভাগের অভিযানে বাকিরা গ্রেফতার হন।

অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ১০৭ কেজি গাঁজা, ২৫ পিস ইয়াবা এবং আট ভরি ১৩ আনা ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এছাড়াও তাদের হেফাজত থেকে নয়টি মোবাইল ফোন ও দুটি পুরাতন মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। অভিযানে একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...