সার্ক পুনরুজ্জীবনে একমত ঢাকা ও কাঠমান্ডু, জোর দ্বিপাক্ষিক সম্পর্কে
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) কে পুনরায় গতিশীল করার বিষয়ে একমত পোষণ করেছেন বাংলাদেশ ও নেপাল। বুধবার (২৯ জুলাই) জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির সৌজন্য সাক্ষাতে এই সম্মতি প্রকাশ পায়। দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে এই বৈঠকে।
আলোচনায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সার্কের উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর উন্নয়নের লক্ষ্যে সার্কের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মঞ্চ তৈরি করেছিলেন। তিনি নেপালকে সার্ককে কার্যকর করতে সহযোগিতার আহ্বান জানালে রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি সম্মতি জানান। এছাড়া দুই দেশের মধ্যে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। নেপালের সংসদে ইতিমধ্যে এই গ্রুপ গঠিত হওয়ায় স্পিকার সেদেশের স্পিকারকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ সংসদেও অচিরেই এমন গ্রুপ গঠনের আশাবাদ ব্যক্ত করেন। পানি, জ্বালানি, আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য এবং জলবায়ু পরিবর্তন—এই সব ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার পথ আরও প্রশস্ত হবে বলে জানান তিনি।
নেপাল থেকে বিদ্যুৎ আমদানির প্রসঙ্গ উঠে আসে বৈঠকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন অভিযাত্রার প্রশংসা করেন নেপালের রাষ্ট্রদূত। তিনি বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশের অগ্রগতি এবং জাতিসংঘের এলডিসি গ্র্যাজুয়েশন অর্জনে সক্ষম হবে—এমন আশাবাদও ব্যক্ত করেন নেপালি রাষ্ট্রদূত। এ সময় নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতিক কার্কি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন।

