স্ত্রী-সন্তান দুবাইয়ে, চট্টগ্রামের বাড়িতে একা বৃদ্ধের পচা মরদেহ উদ্ধার
চট্টগ্রামের চন্দনাইশে নিজ বাসভবন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে আবদুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের। তার স্ত্রী ও তিন পুত্র সংযুক্ত আরব আমিরাতে বসবাস করলেও একাই দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। মৃত্যুর তিন থেকে চার দিন পর সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাটি ধরা পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া গ্রামের বাড়িতে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে একাকী জীবন কাটাচ্ছিলেন আবদুর রহমান। গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে তাকে শেষবার দেখা গিয়েছিল। এর পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুবাই প্রবাসী ছেলেরা বারবার ফোন দিয়েও বাবার সাথে যোগাযোগ স্থাপনে ব্যর্থ হন।
সোমবার বিকেলে তার ছোট ছেলের স্ত্রী শ্বশুরবাড়ি এসে ঘরের দরজা ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে খাটের ওপর তার পচা-গলা মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। গাউছিয়া কমিটির মানবিক টিম ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকীর নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা এই উদ্ধার কাজে পুলিশকে সহযোগিতা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

