ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন এবি জুবায়ের, অভিযোগ হেনস্তার
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভিডিও নিয়ে সরাসরি অবস্থান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। রাজধানীর পরীবাগ এলাকায় সংবাদ সংগ্রহের সময় তৃতীয় লিঙ্গের কয়েকজনের দ্বারা হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগ এনেছেন তিনি। একই সাথে ওই ঘটনার একটি ভিডিও কেটে ছেঁেট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তার চরিত্র হননের অপচেষ্টা চলছে বলেও দাবি করেছেন এই ছাত্রনেতা।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানিয়েছেন এবি জুবায়ের। তিনি জানান, সাংবাদিক বন্ধু সিফাতুল্লাহ তাসনিম সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে পরীবাগ ব্রিজের ওপর যান। সেখানে তৃতীয় লিঙ্গের কিছু মানুষের অসামাজিক কর্মকাণ্ডের বিষয় নিয়ে প্রতিবেদন তৈরির কথা ছিল। জুবায়ের দাবি করেন, ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই তিনি শাহবাগ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছিলেন এবং তাদের উপস্থিতি নিশ্চিত করেছিলেন।
স্ট্যাটাসে আরও উল্লেখ করা হয়, সংবাদ সংগ্রহকালে সাংবাদিক বন্ধু যখন ওই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতে যান, তখন তারা আক্রমণাত্মক হয়ে ওঠে এবং আপত্তিকর সিনক্রিয়েট শুরু করে দেয়। এমনকি ওই হিজড়ারা সাংবাদিকের গায়ে হাত তোলে এবং ধস্তাধস্তি করে। তবে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। এবি জুবায়েরের অভিযোগ, পুলিশের উপস্থিতি সত্ত্বেও একটি মহল বিকৃতভাবে ভিডিও এডিট করে তার সুনাম নষ্ট করার চেষ্টা করছে। তিনি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

