তদবির ছাড়া চাকরি গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুলাই ২০২৬ ১২:৩৩ এএম
তদবির ছাড়া চাকরি গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল

দেশে বিগত দুই দশকের ইতিহাসে কোনো প্রকার সুপারিশ বা ঘুষের বিনিময়ে নয়, বরং মাত্র ১২৫ টাকার আবেদন ফি দিয়ে সরকারি চাকরি পাওয়ার নজির খুবই বিরল। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। তিনি বলেন, সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মীদের যে অভিজ্ঞতা হয়েছে এবং এত সামান্য খরচে তারা চাকরি পেয়েছেন, তা সত্যিই মুগ্ধ করার মতো।

ভূমি ভবনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কেন্দ্রীয় সেমিনার হলে সদ্য যোগদান করা পেশকারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। মীর হেলাল বলেন, গত ২০ বছর ধরে দুর্নীতি ও অনিয়মে দেশ জর্জরিত ছিল। মাঠ পর্যায়ের কিছু দুষ্ট লোকের কারণে পুরো ভূমি ব্যবস্থাপনা প্রশ্নের মুখে পড়েছিল।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন। নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এছাড়াও সরকারি সেবা নিতে আসা মানুষই দেশের প্রকৃত মালিক উল্লেখ করে তিনি নতুন কর্মীদের সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে জনগণের সেবা করার আহ্বান জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...