নারী নির্যাতনে ভয়াবহ রূপ: কন্যাশিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে
বাংলাদেশে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা এখন আশঙ্কাজনক হারে বেড়েছে, যা দেশকে এক গভীর সামাজিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। সোমবার (২৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশে নারী ও কন্যা নির্যাতন চিত্র-২০২৫’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে এই চিত্র তুলে ধরেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রতিবেদনের মূল তথ্য উপস্থাপন করেন সংগঠনটির সিনিয়র প্রশিক্ষণ ও গবেষণা কর্মকর্তা আফরুজা আরমান। সংরক্ষিত ১৪টি জাতীয় দৈনিকের ভিত্তিতে প্রস্তুত এই জরিপে দেখা গেছে, বাল্যবিবাহ, যৌতুক ও ধর্ষণের মতো ঘটনাগুলোতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে কন্যাশিশুরা। বিশেষ করে দলবদ্ধ ধর্ষণ, আত্মহত্যা এবং ধর্ষণের চেষ্টার ঘটনায় তাদের পরিসংখ্যান সবচেয়ে বেশি, যা মোট ১৪২, ২০৩ ও ১১৭টি। অন্যদিকে, প্রাপ্তবয়স্ক নারীরা হত্যা (৭৫৬), ধর্ষণ (৩৭৬) ও যৌন হয়রানির (১২৫) শিকার হচ্ছেন।
প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বিচারহীনতার সংস্কৃতি এবং প্রভাবশালীদের হস্তক্ষেপের কারণে অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এছাড়া তদন্তে গড়িমসি এবং ভুক্তভোগীকেই দোষারোপ করার প্রবণতা অপরাধকে আরও উৎসাহিত করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সমাজের সকল স্তরে সচেতনতা ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেয়া হয়েছে।

