একরামুল হত্যায় জড়িত থাকায় সেনা হেফাজতে ব্রিগেডিয়ার মিফতাহ
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) গভীর রাতে বরিশাল সেনানিবাসে তাকে আটক করা হয়। ওই ঘটনার সময় তিনি র্যাব-৭ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমানে বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন।
২০১৮ সালের ২৬ মে রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের কিরণতলীর হোটেল নেটং এলাকা থেকে একরামুল হককে অপহরণ করা হয়। পরে রাতে টেকনাফ সদরের নোয়াখালিয়া পাড়ায় মেরিন ড্রাইভের সামুদ্রিক এলাকায় র্যাবের তথাকথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। এই হত্যাকাণ্ডের মামলায় সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। ট্রাইব্যুনাল এই অভিযোগ আমলে নিয়েছে এবং পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
মামলার অপর আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং সাবেক এমপি আবদুর রহমান বদি রয়েছেন। এছাড়াও সেনাবাহিনীর আরেক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ও বেশ কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তাকেও এই মামলায় আসামি করা হয়েছে।

