সহিংসতার মুখে কন্যাশিশু: ধর্ষণ ও বাল্যবিয়েতে সবচেয়ে বেশি ঝুঁকি

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুলাই ২০২৬ ১২:১৫ এএম
সহিংসতার মুখে কন্যাশিশু: ধর্ষণ ও বাল্যবিয়েতে সবচেয়ে বেশি ঝুঁকি

দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা এখন গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের প্রকাশিত এক সমীক্ষা প্রতিবেদনে দেখা গেছে, ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, বাল্যবিবাহ, হত্যা ও আত্মহত্যার মতো ঘটনাগুলোতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে কন্যাশিশুরা। সংগঠনটি এই পরিস্থিতিকে জাতীয় সংকট বলে অভিহিত করেছে।

গত সোমবার (২৭ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘বাংলাদেশে নারী ও কন্যা নির্যাতন চিত্র-২০২৫’ শীর্ষক প্রতিবেদনটি উন্মোচন করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সমীক্ষার মূল তথ্য উপস্থাপন করেন সিনিয়র প্রশিক্ষণ ও গবেষণা কর্মকর্তা আফরুজা আরমান।

১৪টি জাতীয় দৈনিকের ভিত্তিক প্রস্তুতকৃত এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কন্যাশিশুরা দলবদ্ধ ধর্ষণের ১৪২টি, আত্মহত্যার ২০৩টি এবং ধর্ষণের চেষ্টার ১১৭টি ঘটনার শিকার হয়েছে। অপরদিকে, প্রাপ্তবয়স্ক নারীরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন হত্যা (৭৫৬), ধর্ষণ (৩৭৬) এবং যৌন হয়রানির (১২৫) ঘটনায়। এছাড়া যৌতুক ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধিও এই সহিংসতার অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিচারহীনতার সংস্কৃতি, প্রভাবশালীদের অযৌক্তিক হস্তক্ষেপ, আইন প্রয়োগকারী সংস্থার তদন্তে গড়িমসি এবং ভুক্তভোগীকেই দোষারোপ করার প্রবণতা অপরাধীদের দায়মুক্তির সুযোগ করে দিচ্ছে। মহিলা পরিষদ মনে করে, সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী না হলে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...