আগামী ইউপি নির্বাচন সুষ্ঠু হবে: দলীয় প্রভাব নেই
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। তিনি স্পষ্ট করে বলেন, এই নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রভাব বা বিশেষ সুবিধা থাকবে না।
বুধবার (২২ জুলাই) রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। ‘স্থানীয় সরকার শক্তিশালী করে নতুন বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান-মেম্বারদের করণীয়’ এই শিরোনামে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখেন।
মির্জা ফখরুল বলেন, আগামী বছরের শুরুর দিকেই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বিএনপি, জামায়াত বা অন্য কোনো দলের পরিচয়ে কেউ কোনো অবৈধ সুবিধা পাবেন না। জনপ্রতিনিধিরা জনগণের ভালোবাসা ও ভোটের মাধ্যমেই নির্বাচিত হবেন। তিনি আরো বলেন, গণতন্ত্রের ভিত্তি হলো স্থানীয় সরকার। স্থানীয় সরকার শক্তিশালী না হলে রাষ্ট্র বা গণতন্ত্র কখনো শক্তিশালী হতে পারে না।
মন্ত্রী উন্নত দেশগুলোর উদাহরণ দিয়ে বলেন, সেখানে স্থানীয় সরকারই প্রশাসন, স্বাস্থ্যসেবা এবং জনসেবার বড় অংশ পরিচালনা করে। বাংলাদেশেও এই কাঠামো গড়ে তোলা প্রয়োজন। তিনি আরো জানান, অতীতে নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণের ক্ষেত্রে অনিয়ম হয়েছে, এখন আইনি সংস্কারের মাধ্যমে এই প্রক্রিয়া স্বচ্ছ করা হবে।

