টোকিওতে এআই সেমিনার: জাপানের টেক ঘাটতি পূরণে বাংলাদেশের সম্ভাবনা
জাপানের প্রযুক্তি খাতে মানবসম্পদের ঘাটতি পূরণে বাংলাদেশের তরুণ ও দক্ষ প্রকৌশলীরা কীভাবে ভূমিকা রাখতে পারেন, সে বিষয়ে আলোচনার জন্য টোকিওতে এক গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করা হয়েছে। গত ২২ জুলাই (বুধবার) টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে ‘কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উন্নয়ন: জাপানের বাজারে মানবসম্পদের সক্ষমতা সম্প্রসারণ’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দূতাবাস, ব্রেইন স্টেশন ২৩ এবং জেট্রোর যৌথ আয়োজনে এতে জাপানের শীর্ষস্থানীয় সিস্টেম ইন্টিগ্রেটর ও প্রযুক্তি খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মো. দাউদ আলী জানান, বি-জেট প্রোগ্রাম ও মিয়াজাকি-বাংলাদেশ মডেলের মাধ্যমে ইতিমধ্যে দুই হাজারের অধিক বাংলাদেশি আইটি বিশেষজ্ঞ জাপানে সুনামের সঙ্গে কাজ করছেন এবং সেখানকার বাজারের চাহিদা পূরণে বাংলাদেশি তরুণদের দক্ষতা আরও কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জাপানি উদ্যোক্তাদের জন্য দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্ভাবনা তুলে ধরে বিশেষ বক্তব্য রাখেন জেট্রোর গ্লোবাল স্ট্র্যাটেজি বিভাগের সিনিয়র ডিরেক্টর ইউজি আন্দো ও সুমিতোমো করপোরেশনের ডিরেক্টর তারো কাওয়াচি। এছাড়া জাপানের আইটি খাতের বাস্তব চাহিদা নিয়ে আলোচনা করেন ওয়ান টেরেসি ইনকর্পোরেটেডের ব্যবস্থাপনা পরিচালক তাতসুয়া ইশিনাকা। সেমিনারের কারিগরি সেশন পরিচালনা করেন ব্রেইন স্টেশন ২৩ জাপানের প্রতিনিধি ইয়াসুফুমি কাজিউরা ও রাইসুল ইসলাম।

