গ্রাম-শহরের বৈষম্য কাটাতে ‘ন্যাশনাল হেলথ কার্ড’ আসছে: প্রযুক্তি মন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে শিগগিরই ‘ন্যাশনাল হেলথ কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। গ্রাম ও শহরের স্বাস্থ্যসেবার বৈষম্য দূর করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
গত বুধবার (২২ জুলাই) চীনের শি’আনে অনুষ্ঠিত ‘ডিজিটাল অ্যান্ড ইন্টেলিজেন্ট ইন্টিগ্রেশন ফর হেলথ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, এই কার্ড চালু হলে দেশের যেকোনো প্রান্তে অবস্থানরত রোগীর স্বাস্থ্য তথ্য চিকিৎসকরা সহজেই দেখতে পারবেন। এতে রোগ নির্ণয় ও চিকিৎসা আরও দ্রুত ও নির্ভুল হবে। এটি প্রযুক্তিগত সুবিধার পাশাপাশি স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠার জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফকির মাহবুব আনাম জানান, একটি মানবকেন্দ্রিক জাতীয় এআই নীতি প্রণয়নের কাজ চলছে। এর মাধ্যমে প্রযুক্তির উন্নয়ন মানুষের কল্যাণে ব্যবহৃত হবে এবং কেউ এর সুফল থেকে বঞ্চিত থাকবে না। এছাড়া নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী ডেটা প্রটেকশন ব্যবস্থাও গড়ে তোলা হচ্ছে। সরকার একটি বৈষম্যহীন ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।

