সন্দ্বীপে বাল্কহেড ডুবি, ৯৯৯ এ কলে ৪ শ্রমিককে উদ্ধার করল কোস্টগার্ড

প্রাইম বার্তা অনলাইন
২২ জুলাই ২০২৬ ৯:২৬ পিএম
সন্দ্বীপে বাল্কহেড ডুবি, ৯৯৯ এ কলে ৪ শ্রমিককে উদ্ধার করল কোস্টগার্ড

সন্দ্বীপের কুমিরা সংলগ্ন বঙ্গোপসাগরে পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবে যাওয়ার উপক্রম হলেও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে নিজেদের জীবন রক্ষা করতে সক্ষম হন চার শ্রমিক। বুধবার (২২ জুলাই) সকালে সাগর উত্তাল হলে ইঞ্জিন বিকল হয়ে পড়ে ওই বাল্কহেডটি। খবর পেয়ে অতিরিক্ত গতিতে অভিযান চালিয়ে কোস্টগার্ড তাদের জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিক রনি ফোন করে জানান, তারা সিলেট থেকে কক্সবাজার যাচ্ছিলেন। মাঝপথে প্রবল ঢেউয়ের কবলে পড়ে তাদের বাল্কহেডের নিচে পানি ঢুকতে থাকে এবং ইঞ্জিন অচল হয়ে পড়ে। অর্ধেক ডুবে যাওয়া ওই জাহাজটি নিয়ে চার শ্রমিক সাগরে ভাসছিলেন। সঙ্গে সঙ্গে বিষয়টি কোস্ট গার্ডকে জানানো হলে তারা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে।

সন্দ্বীপ কোস্টগার্ডের একটি দল সন্দ্বীপ থেকে প্রায় সাড়ে ৯ কিলোমিটার বা ৫ নটিক্যাল মাইল দূরে গভীর সাগর থেকে ভাসমান বাল্কহেডসহ ওই চার শ্রমিককে উদ্ধার করেন। নিরাপদ স্থানে এনে তাদের মালিকের কাছে তুলে দেওয়া হলেও পাথরবোঝাই বাল্কহেডটি সমুদ্রগর্ভে তলিয়ে যায়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...