আবাসন খাতের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ দফা
দেশের আবাসন খাকে গতিশীল করতে এবং সাধারণ মানুষের স্বপ্নের ঘর নির্মাণ সহজ করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। বুধবার (২২ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে ছয় দফা প্রস্তাব তুলে ধরেন রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল। এ সময় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিহ্যাব সভাপতি জানান, সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে তারা ৩৫ বছর ধরে কাজ করে আসছেন। বর্তমানে এ খাতে প্রায় ৫০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে যা জিডিপিতে ১৫ শতাংশ অবদান রাখছে। এ ছাড়া ৩০০টির বেশি লিংকেজ শিল্প এ খাতের ওপর নির্ভরশীল। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—২১০০ সাল পর্যন্ত জনসংখ্যার ভিত্তিতে জাতীয় ভূমি জোনিং নীতিমালা প্রণয়ন, ড্যাপ ও নির্মাণ বিধিমালা সংস্কার, পিপিপি ভিত্তিতে সাশ্রয়ী আবাসন, মধ্যবিত্তদের জন্য সিঙ্গেল ডিজিট সুদে ঋণ, নিবন্ধন খরচ ৫ শতাংশ নির্ধারণ, জমির মালিকদের ১৫ শতাংশ মূলধনী কর প্রত্যাহার এবং পুরো প্রক্রিয়া ডিজিটালাইজেশন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং এ খাতের বিকাশ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড. আলী আফজাল আশা প্রকাশ করেন, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে আবাসন খাত আরও গতিশীল হবে এবং মধ্যবিত্তের স্বপ্নের ঘর নির্মাণ সহজতর হবে। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় দিকনির্দেশনা কামনা করেন।

