মানবপাচার দমনে কার্যকর ভূমিকা রাখবে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১৫ জুলাই ২০২৬ ২:২০ পিএম
মানবপাচার দমনে কার্যকর ভূমিকা রাখবে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে এবং মানবপাচার ও অভিবাসী চোরাচালান দমনে সদ্য প্রণীত ‘মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ অত্যন্ত কঠোর ও কার্যকর ভূমিকা পালন করবে। তিনি জানান, অপরাধীদের পরিবর্তনশীল কৌশল মোকাবেলায় বাংলাদেশের আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ আয়োজিত এক জাতীয় অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, পুলিশের মহাপরিদর্শক মো. আলি হোসেন ফকির, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী।

মন্ত্রী জানান, নতুন এই আইনে মানবপাচার ও অভিবাসী চোরাচালানকে সুস্পষ্টভাবে আলাদা অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং এর মাধ্যমে তদন্ত ও বিচারের ক্ষমতা জোরদার করা হয়েছে। এটি ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করবে এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ বাড়াবে। তিনি জোর দিয়ে বলেন, এই আইনে ভুক্তভোগীদের শাস্তি না দেওয়ার নীতি সমুন্নত রাখা হয়েছে, যাতে বিচার প্রক্রিয়ায় তাদের মর্যাদা ও অধিকার রক্ষা পায়। সরকারি প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা ও নাগরিক সমাজের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই আইনের সফল বাস্তবায়ন সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...