ডিজিটাল বাণিজ্যে সততাই সাফল্যের চাবিকাঠি: অধ্যাপক রফিকুল ইসলাম
বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে কেবল প্রযুক্তি বা উৎপাদন নয়, ব্যবসায়িক সাফল্যের মূল ভিত হলো সততা ও নৈতিকতা। এমনই মত প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম। রাজধানীর ইসলামপুরে আধুনিক প্রিন্টিং সলিউশন প্রতিষ্ঠান ‘রিগ্যাল সাইন মিডিয়া’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সোমবার কোতোয়ালি এলাকার হাজী ইউসুফ ম্যানশনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আবু হানিফ। তিনি বলেন, সততার সাথে ব্যবসা পরিচালনাকারীরা আখিরাতে নবী-রসূলদের সাথে মিলিত হবেন। গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে সেরা সেবা দিয়ে রিগ্যাল সাইন মিডিয়া ব্যতিক্রম হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জানা গেছে, ২০১১ সাল থেকে ‘রিগ্যাল ডিজাইন’ নামে সৃজনশীল ডিজাইন ও প্রিন্টিং খাতে সুনাম অর্জন করেছে প্রতিষ্ঠানটি। সময়ের চাহিদা ও ডিজিটাল সেবার প্রসার ঘটাতেই তারা এই নতুন উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুর রহিম মজুমদারের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক জি.এম. শাহজাহানের পরিচালনায় এই অনুষ্ঠানে বিশিষ্টজনেরা অংশ নেন। শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

