সাভারে এসআইকে পিটিয়ে হত্যার ঘটনায় মুন্সিগঞ্জ থেকে চার গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
০৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:০২ এএম
সাভারে এসআইকে পিটিয়ে হত্যার ঘটনায় মুন্সিগঞ্জ থেকে চার গ্রেফতার

সাভারের আমিনবাজারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগে মুন্সিগঞ্জ থেকে চারজনকে আটক করেছে র‍্যাব। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। আটক ব্যক্তিদের সম্পর্কে এ পর্যন্ত বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

নিহত আলতাফ হোসেন (৫৮) পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) ঢাকার মালিবাগ জোনে উপ-পরিদর্শক (এসআই) পদে দায়িত্বে ছিলেন। সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে তিনি। পরিবারের সদস্যদের নিয়ে আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন তিনি।

গত শনিবার সন্ধ্যায় সাভার থানাধীন আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার রাখা ঘিরে বিরোধ বাঁধে আলতাফ হোসেন ও তার ছোট ছেলে আরিফুলের সঙ্গে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, একপর্যায়ে ১০ থেকে ১৫ জনের একটি দল দুজনের ওপর অতর্কিত হামলা চালায়। রাত সাড়ে ৯টার দিকে মারাত্মক আহত অবস্থায় দুজনকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। এসময় তার ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হন।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে আগামীকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজারস্থ র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সন্মেলনে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...