শাহজালালে আকস্মিক বিমানমন্ত্রী: লাগেজ দ্রুত পেতে যাত্রীর অপেক্ষা কমানোর নির্দেশ

প্রাইম বার্তা অনলাইন
০৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:০২ পিএম
শাহজালালে আকস্মিক বিমানমন্ত্রী: লাগেজ দ্রুত পেতে যাত্রীর অপেক্ষা কমানোর নির্দেশ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ পরিদর্শনে এসে যাত্রীদের লাগেজ দ্রুততম সময়ে হাতে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে তিনি এই আকস্মিক সফরে বিমানবন্দরে যান।

পরিদর্শনের একপর্যায়ে দুপুর ১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা-চট্টগ্রাম-ঢাকা রুটের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করলে মন্ত্রী উপস্থিত থেকে পুরো ব্যাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়া সরেজমিনে দেখেন। কার্গো হোল্ড খোলা থেকে শুরু করে যাত্রীদের কাছে নিরাপদে ব্যাগ পৌঁছে দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপ তিনি নিজে তদারকি করেন।

এ সময় মন্ত্রী বলেন, বিমানবন্দরে আগত যাত্রীদের ব্যাগেজ ব্যবস্থাপনায় সময়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিমান অবতরণের পর প্যাসেঞ্জার গেট ও কার্গো হোল্ড খোলার সময়ের মধ্যে পূর্ণ সমন্বয় (সিনক্রোনাইজেশন) নিশ্চিত করতে তিনি নির্দেশ দেন। এছাড়া কোনো ফ্লাইট অবতরণের আগেই গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে নিয়োজিত কর্মীদের পরিকল্পিত ও সময়মতো দায়িত্বে উপস্থিত থাকার নির্দেশনা দেন তিনি।

যাত্রীদের সেবায় স্বচ্ছতা আনার লক্ষ্যে ব্যাগেজ হ্যান্ডলিং কার্যক্রমের সর্বশেষ অবস্থা তাৎক্ষণিকভাবে দেখানোর জন্য বিমানবন্দরে লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশও দেন মন্ত্রী। একই সঙ্গে যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ওয়াশরুম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেন তিনি। পরিদর্শনকালে তিনি বিমানবন্দরের বিভিন্ন ওয়াশরুম ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

এই পরিদর্শনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...