সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস শুল্ক-কর রেয়াত অনুমোদন
নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণে ব্যবহৃত যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ছয় মাস মেয়াদে শুল্ক-কর রেয়াত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পায়।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বৈঠকে প্রজ্ঞাপন জারির সংশ্লিষ্ট প্রস্তাবটি উত্থাপন করে। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, প্রজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ১৮০ দিন অর্থাৎ ছয় মাস পর্যন্ত সৌরবিদ্যুৎ উৎপাদনের প্ল্যান্ট স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, সমুদয় রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, ভ্যাট, আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হবে।
মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সুবিধার ফলে দেশে দ্রুত সৌরবিদ্যুতের উৎপাদন সক্ষমতা বাড়বে। এতে বিদ্যুতের চাহিদা মেটানো সহজ হবে এবং ঘাটতির কারণে সাধারণ মানুষের ভোগান্তিও কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এছাড়া শিল্পকারখানায় উৎপাদন ধারাবাহিক রাখা, উৎপাদন ব্যয় হ্রাস এবং বিদ্যুৎ ঘাটতির কারণে যন্ত্রপাতির ক্ষতি এড়ানোর সুযোগ তৈরি হবে বলে জানানো হয়েছে। সরকারের আশা, এ সিদ্ধান্তে বিনিয়োগসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

