ত্রাণ বিতরণে রাজনীতির স্থান নেই, অনিয়ম মেনে নেবে না

প্রাইম বার্তা অনলাইন
১৫ জুলাই ২০২৬ ১:৫০ পিএম
ত্রাণ বিতরণে রাজনীতির স্থান নেই, অনিয়ম মেনে নেবে না

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বিবেচনায় আনা হবে না বলে ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি স্পষ্ট করে জানান, বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসে অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলার বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। এরপর শুরু হবে পুনর্বাসন কাজ। তিনি বলেন, বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করছে এবং পানি কমে গেলে উদ্ধার কাজের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, কৃষি পুনরুদ্ধার ও জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

বন্যার পর কৃষি খাতে ক্ষতি পুষিয়ে নিতে ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় উঁচু জমিতে বীজতলা তৈরির ব্যবস্থা করা হবে এবং কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার ও কৃষি উপকরণ সরবরাহ করা হবে। এছাড়া পানিবাহিত রোগ প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় মাঠপর্যায়ে পর্যাপ্ত ওষুধ, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুদ রেখেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...