স্ত্রী পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী নয়: স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বক্তব্য
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রকে পরিবর্তন করা সম্ভব নয়, তাই পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের ভিত্তিতেই প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক এগিয়ে যাবে। তিনি বিখ্যাত প্রবাদটি উল্লেখ করে বলেন, কেউ হয়তো স্ত্রী বদলাতে পারেন, কিন্তু প্রতিবেশী বদলানো সম্ভব নয়। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সীমান্ত ইস্যুতে বিরোধীদলীয় নেতাদের বক্তব্যের জবাবে মন্ত্রী জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি জওয়ানরা প্রয়োজনে পাল্টা গুলি চালিয়েছে। তিনি স্পষ্ট করে জানান, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার কোনো আপস করবে না। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নির্ধারণ করা সরকারের একক দায়িত্ব নয়, এটি সংসদে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে বলেও তিনি মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতীয় ইস্যুতে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো বিভেদ নেই। সংসদের ভেতরে বিতর্ক হতে পারে, কিন্তু দেশের স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখতে সবাই ঐকমত্যে কাজ করবে। ‘সবার আগে বাংলাদেশ’ এই নীতির ওপর ভিত্তি করেই সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়। মিউচুয়াল ডিগনিটি এবং সভারেন ইকুয়ালিটির ওপর ভিত্তি করেই বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।

