শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের অপসারণসহ তিন দফা দাবি আদায়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে তারা রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে মিছিল বের করে জাতীয় সংসদ ভবনের দিকে অগ্রসর হন। সংসদ ভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
অবরোধের কারণে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি শান্ত করতে পুলিশ বারবার শিক্ষার্থীদের সরে যেতে অনুরোধ জানায়। তবে শিক্ষার্থীরা সেখান থেকে সরে না গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে বিক্ষোভকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
পুলিশ প্রথমে সংসদ ভবনের সামনের এলাকা থেকে তাদের সরিয়ে দিলেও শিক্ষার্থীরা আসাদগেট (আড়ং মোড়) এলাকায় অবস্থান নেয়। সেখান থেকে উত্তেজিত কিছু শিক্ষার্থী পুলিশের দিকে ইটপাটকেল ছোড়ে। জবাবে পুলিশ আবারও ধাওয়া দিয়ে তাদের মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সরিয়ে দেয়। পুরো ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনাকর পরিবেশ বিরাজ করে।

