নকল ডিম ও প্লাস্টিক চালে ভরে গেছে বাজার, সংসদে অভিযোগ এমপির
জাতীয় সংসদে দেশের বাজারগুলোতে নকল ডিম, প্লাস্টিকের তৈরি চাল এবং রাসায়নিকে পাকানো ফলের প্রসঙ্গ তুলে ধরেছেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। মঙ্গলবার (১৪ জুলাই) সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এই ভয়াবহ তথ্য তুলে ধরেন। এসময় খাদ্য প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, বিষাক্ত খাদ্য গ্রহণের ফলে ক্যানসার, কিডনি বিকল্প এবং লিভারের মারাত্মক রোগ দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। তিনি জানান, শিশু ও ভবিষ্যৎ প্রজন্ম এই মুহূর্তে সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকির মুখে। শাক-সবজি থেকে শুরু করে মৌসুমি ফল, সর্বত্রই ফরমালিন ও ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার হচ্ছে। তিনি মনে করেন, খাদ্যে ভেজাল মেশানো মানুষকে নীরবে হত্যা করার সমান।
এই সংকট মোকাবেলায় সংসদ সদস্য প্রতিটি জেলায় আধুনিক খাদ্য পরীক্ষাগার স্থাপনের জোর দাবি জানান। একইসাথে ভেজালকারীদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে একটি শক্তিশালী জাতীয় টাস্কফোর্স গঠনেরও প্রস্তাব দেন তিনি। খাদ্যে ভেজাল রোধে মন্ত্রণালয়ের ক্র্যাশ প্রোগ্রাম ও পরিকল্পনা নিয়ে সংসদে সুস্পষ্ট বিবৃতি প্রদানের জন্য খাদ্য প্রতিমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

