ইরান সামনের দিকে এগিয়ে যাক, এটিই আমরা চাই: আবদুস সালাম

প্রাইম বার্তা অনলাইন
১৪ জুলাই ২০২৬ ১০:৫৩ পিএম
ইরান সামনের দিকে এগিয়ে যাক, এটিই আমরা চাই: আবদুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, ইরান বর্তমানে কেবল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নয়, সারা বিশ্বের বিরুদ্ধে লড়াই করছে। তিনি বলেন, ইরান যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তা না হলে হয়তো এতদিনে পুরো মুসলিম উম্মাহকে গ্রাস করে ফেলত। ইরান সামনের দিকে এগিয়ে যাক, এটিই তারা চান।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এক মুসলিম দাওয়াহ কল্যাণ সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করে।

আবদুস সালাম তার বক্তব্যে আরও বলেন, যেকোনো ক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নেই। মধ্যপ্রাচ্যের সকল দেশ যদি একসাথে হুঙ্কার দেয়, তবে ইসরায়েলের আর কোনো অবস্থান থাকতে পারবে না। আমাদের প্রতিবেশী দেশ যেভাবে মুসলমানদের ওপর অত্যাচার করছে, আমরা তার বিরুদ্ধে প্রতিশোধ না নিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করছি। এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে নিজের শক্তি অর্জন করা ছাড়া আর কোনো উপায় নেই।

সীমান্ত ইস্যুতে তিনি বলেন, পত্রিকায় প্রায়ই সীমান্ত দিয়ে পুশ-ইনের খবর আসছে। অবৈধদের দেশে আনা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে এই অবৈধতার নামে দেশকে অস্থির করার যে চক্রান্ত চলছে, তা রুখে দিতে হবে। তিনি মুসলিম বিশ্বের ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, একসময় মুসলিমরা মেধাশক্তিতে এগিয়ে ছিল, বিভেদের কারণে তারা পিছিয়ে পড়ছে।

এক মুসলিম দাওয়াহ কল্যাণ সংস্থার সভাপতি মো. জালাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের ও সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়দ এম আর জুলফিকার প্রমুখ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...