শিক্ষার্থীদের স্বার্থেই বৃষ্টিতেও এইচএসসি পরীক্ষা চলছে: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন জানিয়েছেন, দেশজুড়ে চলমান বৃষ্টি ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষার্থীদের স্বার্থেই। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সারাদেশের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে এবং পরিস্থিতি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ড. মাহদী আমিন বলেন, মঙ্গলবার সকালে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বৈঠকে সবাই মত দেন যে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য অংশে পরীক্ষা নেওয়ার পরিবেশ রয়েছে। তিনি উল্লেখ করেন, পরীক্ষার্থীরা সরকারের কাছে সন্তানতুল্য, তাই তাদের দীর্ঘদিনের প্রস্তুতির যথাযথ মূল্যায়ন এবং সময়মত পরীক্ষা শেষ করাই সরকারের মূল লক্ষ্য।
এই উপদেষ্টা আরও জানান, সীমিত কিছু এলাকায় জলাবদ্ধতা থাকলেও সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। যাতে কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে এসে ভোগান্তিতে না পড়ে, সে জন্য স্থানীয় প্রশাসনকে সার্বক্ষণিক সতর্ক থাকতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় আবহাওয়া অধিদপ্তর ও প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে বলেও তিনি জানান।

