লালদিয়া টার্মিনাল: ডেনমার্কের সঙ্গে চুক্তি বাতিলের সুযোগ নেই
নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম স্পষ্ট জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালসের সাথে সম্পাদিত চুক্তি বাতিল বা পুনর্বিবেচনার কোনো পরিকল্পনা বর্তমান সরকারের নেই। সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, পিপিপি আইন ও নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে বাংলাদেশ ও ডেনমার্ক সরকারের সরকার-টু-সরকার (জি-টু-জি) কাঠামোর আওতায় সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় এই চুক্তিটি সম্পাদিত হয়েছে। ২০২১ সালের ৩০ জুন পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে দুই দেশের মধ্যে প্রথম সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর ধারাবাহিকতায় ২০২৩ সালের ২১ মে মার্স্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানটি কর্ণফুলী নদীর ডান তীরে টার্মিনাল নির্মাণের প্রস্তাব দেয় এবং নীতিগত অনুমোদন ও আইনি প্রক্রিয়া শেষে গত ২০২৫ সালের ১৭ নভেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও এপিএম টার্মিনালসের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সই হয়।
শেখ রবিউল আলম জানান, এই চুক্তির মোট মেয়াদ ৩৩ বছর নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে নির্মাণকাল তিন বছর এবং পরিচালনাকাল ৩০ বছর। পরিস্থিতি অনুযায়ী এ মেয়াদ আরও ১৫ বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। এই প্রকল্পে ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠানটি, যা বন্দরের ধারণক্ষমতা বৃদ্ধি ও অর্থনীতিতে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে।

