মডেল মসজিদের ব্যয় বৃদ্ধির অনিয়ম: আজই তদন্তের নির্দেশ

প্রাইম বার্তা অনলাইন
১৩ জুলাই ২০২৬ ৮:২৮ পিএম
মডেল মসজিদের ব্যয় বৃদ্ধির অনিয়ম: আজই তদন্তের নির্দেশ

মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে অর্থের অপব্যয় ও ব্যয় বৃদ্ধির অভিযোগের বিষয়ে আজই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তদন্তের নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই প্রতিশ্রুতি দেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রশ্নকালে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন যে, মসজিদ নির্মাণে প্রাক্কলন বা ব্যয় ১৩ কোটি থেকে বেড়ে ২১ কোটি টাকা হয়েছে এবং অনেক মসজিদের নির্মাণের মান খুবই খারাপ। তিনি সেনবাগের মসজিদে পানি জমা থাকার কথা উল্লেখ করেন। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামালও তার নির্বাচনী এলাকা দুর্গাপুরের অবস্থার কথা তুলে ধরে বলেন, সেখানকার মসজিদের সামনে একটি বড় পুকুর থাকায় স্থানীয়রা একে তাজমহল বলে অভিহিত করে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জয়নুল আবদিন ফারুক একজন প্রবীণ সংসদ সদস্য এবং তার প্রশ্ন খুবই যুক্তিসঙ্গত। তিনি সাবেক সরকারের সময় ধর্মের নামে অর্থ লুটপাটকে গর্হিত আখ্যায়িত করে বলেন, পদ্মা সেতুর মতো বড় দুর্নীতি না হলেও মসজিদ নির্মাণে অর্থের অপব্যবহার হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। তিনি স্পষ্ট করে জানান, প্রকল্পের মোট ব্যয় ও নির্মিত মসজিদের সংখ্যা জানতে মন্ত্রণালয়কে আজই তদন্তের নির্দেশ দেওয়া হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...