সংরক্ষিত এমপিদের এলাকা নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাবে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্যদের কর্মপরিধি নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান ঘটিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে দিয়েছেন, সংবিধান অনুযায়ী এই সংসদ সদস্যদের কাজের এলাকা কোনো নির্দিষ্ট সীমানায় সীমাবদ্ধ নয়, বরং সমগ্র বাংলাদেশ।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় সদস্য আখতার হোসেন অভিযোগ তোলেন, একজন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিজের বক্তব্যে দুটি নির্দিষ্ট আসনকে নিজের ‘অতিরিক্ত দায়িত্ব’ হিসেবে দাবি করেছেন। এতে ওই এলাকাগুলোতে এমন প্রচার চালানো হচ্ছে যে, নির্বাচিত মূল সংসদ সদস্যের চেয়ে সংরক্ষিত আসনের এমপিই সেখানকার প্রধান ব্যক্তি। আখতার হোসেন প্রশ্ন তোলেন, এই ‘অতিরিক্ত দায়িত্বের’ সাংবিধানিক ভিত্তি কী এবং কেন শুধু বিরোধী দলের জেতা আসনগুলোতে এমন হচ্ছে।
এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংবিধানের ৬৫ অনুচ্ছেদের অবলম্বনে বলেন, ৩০০ আসনের ক্ষেত্রে সীমানা নির্ধারণ আইন অনুযায়ী নির্দিষ্ট এলাকা থাকলেও অতিরিক্ত ৫০টি সংরক্ষিত আসনের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। তিনি জানান, সংরক্ষিত আসনের নারী সদস্যদের নির্বাচনি এলাকা বা কর্মএলাকা হলো পুরো বাংলাদেশ। সংসদ সদস্য হিসেবে তাঁরা সারা দেশের উন্নয়নে কাজ করবেন, কোনো নির্দিষ্ট আসনের সীমাবদ্ধতা তাঁদের জন্য প্রযোজ্য নয়।

