পানিবন্দী চট্টগ্রামে ত্রাণ নিয়ে মাঠে মেয়র শাহাদাত ও এরশাদ উল্লাহ
চট্টগ্রাম নগরীতে টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়া মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও শুকনো খাবার বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার (১০ জুলাই) সকালে তিনি চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনকে সাথে নিয়ে পাঁচলাইশ থানার ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং পানিবন্দী মানুষের দুর্দশার কথা শোনেন।
এসময় তারা অক্সিজেন-কুয়াইশ সড়ক সংলগ্ন ওয়াজেদিয়া, বোর্ড অফিস, চালিতাতলী বাজার, হাজিপাড়া ও শহীদনগর এলাকায় গিয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বাসিন্দাদের মাঝে রান্না করা খাবার ও ত্রাণ সামগ্রী তুলে দেন। মেয়র জানান, অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতা মোকাবেলায় সিটি করপোরেশন, সিডিএ, ওয়াসা, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্রিগেড ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া দ্রুত পানি নিষ্কাশনে প্রকৌশলীদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
ডা. শাহাদাত হোসেন জানান, মানুষের জীবন ও নিরাপত্তা এখন সবার আগে। বৃষ্টির শুরু থেকেই মেয়রের উদ্যোগে নগরের বিভিন্ন ওয়ার্ডে প্রায় ১০ হাজার পরিবারের মাঝে শুকনো ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম অব্যাহত থাকবে।

