বৃষ্টি-ঢলে ৪ নদীতে বিপৎসীমা ছাড়াল, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা
টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে দেশের চারটি নদীর ছয়টি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার (১১ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্ণীকরণ কেন্দ্র জানিয়েছে, সাঙ্গু, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর এই অবস্থার কারণে নদ-নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। একইসাথে দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি সতর্কসীমার কাছাকাছি অবস্থান করায় আশঙ্কা আরও বেড়েছে।
পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, বান্দরবান পয়েন্টে সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ১০৭ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে, যা সবচেয়ে উদ্বেগজনক। এছাড়া চট্টগ্রামের দোহাজারী পয়েন্টে এই নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট অঞ্চলে কুশিয়ারা নদীর সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ২১ সেন্টিমিটার ওপরে রয়েছে। মৌলভীবাজার পয়েন্টে মনু নদীর পানি বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে হবিগঞ্জের বল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য মতে, দেশের মোট ১২৭টি পানি পরিমাপ স্টেশনের মধ্যে ৫৭টিতে পানি বৃদ্ধি, ৬৪টিতে হ্রাস এবং ছয়টিতে অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি তিস্তা, সুরমা, সোমেশ্বরী, মুহুরী ও মাতামুহুরী নদীর বিভিন্ন স্টেশনে পানি এখন সতর্কসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নিম্নাঞ্চলগুলোতে বন্যাকবলিত হওয়ার ঝুঁকি রয়েছে।

