খিলগাঁওয়ে গৃহবধূ হত্যা: আত্মহত্যার নাটক, ৬ ঘণ্টায় প্রকৃত রহস্য ফাঁস
রাজধানীর খিলগাঁওয়ে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে আত্মহত্যার গুজব ছড়িয়ে পড়লেও পুলিশের দ্রুত তদন্তে বেরিয়ে এসেছে হত্যার রহস্য। স্বামীর হাতেই স্ত্রী খুন হওয়ার প্রমাণ পাওয়ার পর অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। ঘটনার মাত্র ছয় ঘণ্টার মধ্যেই এই হত্যা রহস্যের সমাধান করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
গত ১০ জুলাই সন্ধ্যায় খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানের হাজী মসজিদ সংলগ্ন একটি বাসা থেকে সানজিদা আক্তার মারিয়ার (১৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করা হলেও পরবর্তীতে ভাই চান মিয়া খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, মামলা হওয়ার পর পুলিশ তথ্য-উপাত্ত ও প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে নিহতের স্বামী সাইফুল ইসলামকে (২১) গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল স্ত্রীকে গলায় পাটের সুতা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার দায় স্বীকার করেছেন। পুলিশ ধারণা করছে, স্বামী-স্ত্রীর মধ্যে শ্বশুরবাড়ির বিষয় নিয়ে দীর্ঘদিনের অশান্তির জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

