বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসনকে নির্দেশ প্রধানমন্ত্রীর
সারাদেশে চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত মানুষের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১০ জুলাই) দুর্গত এলাকার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনদের সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা প্রদান করেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, আকস্মিক বন্যায় উদ্ধার ও ত্রাণ কাজ আরো সমন্বিতভাবে পরিচালনার জন্য বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামীকাল শনিবার (১১ জুলাই) তিনি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, কিছু এলাকায় পানি কমতে শুরু করলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বন্যাকবলিত এলাকার নারী ও শিশু, বিশেষ করে গর্ভবতী মায়দের প্রতি বিশেষ যত্নশীল হতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে বলেছেন। পাশাপাশি দুর্যোগের সুযোগে চুরি-ডাকাতি বা অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।

