বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসনকে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৬ ৫:৩৮ এএম
বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসনকে নির্দেশ প্রধানমন্ত্রীর

সারাদেশে চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলা ও ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১০ জুলাই) দুপুরে বন্যাকবলিত এলাকার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন তিনি। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং উদ্ধার তৎপরতা বৃদ্ধির নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো অনেক এলাকা পানিতে নিমজ্জিত রয়েছে। ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল করতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামীকাল শনিবার (১১ জুলাই) ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন ও অনিন্দ ইসলাম অমিত চট্টগ্রাম সফরে যাবেন এবং সেখানকার বন্যা পরিস্থিতির ওপর খোঁজখবর নেবেন।

ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকার নারী ও শিশুদের, বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য বিশেষ চিকিৎসা সেবা নিশ্চিত করতে বলেছেন। এছাড়া বন্যার সুযোগে কেউ যেন চুরি-ডাকাতি বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। পাশাপাশি, ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা ও মন্ত্রীরা শুরু থেকেই এলাকার বন্যা পরিস্থিতি মনিটর করছেন বলেও জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...