চট্টগ্রামে বন্যায় মৎস্য ও কৃষিতে সর্বনাশ, লোকসান শত কোটি টাকার ওপর

প্রাইম বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৬ ৭:০৩ এএম
চট্টগ্রামে বন্যায় মৎস্য ও কৃষিতে সর্বনাশ, লোকসান শত কোটি টাকার ওপর

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এই বিপর্যয়ে জনজীবনের পাশাপাশি কৃষি ও মৎস্য খাতেও নেমে এসেছে বড় ধরনের বিপদ। জেলায় প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন, আর একইসঙ্গে তলিয়ে গেছে প্রায় ১০ হাজার পুকুর-ঘের এবং ১৪ হাজার হেক্টরের বেশি কৃষিজমি। প্রাথমিক হিসাবে মাছ ও ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাঁশখালী ও সাতকানিয়া উপজেলায়। বাঁশখালীতে পাহাড়ি ঢলে আড়াই হাজার পুকুর ও ৩১০টি চিংড়ি ঘের ডুবে যায়, যাতে প্রায় ৪১ কোটি ৫০ লাখ টাকার মাছ হারিয়ে যায়। অপরদিকে সাতকানিয়ায় ৪৬৬ হেক্টর পুকুর ও দিঘির প্রায় ১০ কোটি ৭৫ লাখ টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে। এছাড়া লোহাগাড়ায় প্রায় সাড়ে ৮ কোটি টাকার, কর্ণফুলীতে ৬ কোটি টাকার, চন্দনাইশে ৫ কোটি ৯৪ লাখ টাকার, বোয়ালখালীতে সাড়ে ৪ কোটি টাকার, পটিয়ায় ৩ কোটি ৬৮ লাখ টাকার এবং ফটিকছড়ি ও আনোয়ারায়ও কোটি টাকার মাছের ব্যাপক ক্ষতি হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেন, চট্টগ্রামে এবার স্মরণকালের সবচেয়ে বড় বন্যা হয়েছে। দক্ষিণ চট্টগ্রামের উপজেলাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার ১৫টি উপজেলার প্রায় সব এলাকাতেই পুকুর ও ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৯০ কোটি টাকারও বেশি মাছ পানিতে তলিয়ে গেছে। ইতিমধ্যে ক্ষতির চূড়ান্ত হিসাব নিরূপণ ও ক্ষতিগ্রস্ত কৃষক-মৎস্যচাষিদের পুনর্বাসনের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...