পানিবন্দিদের খোঁজ নিতে ক্ষতিগ্রস্ত এলাকায় মেয়র ডা. শাহাদাত

প্রাইম বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৬ ৬:০৫ এএম
পানিবন্দিদের খোঁজ নিতে ক্ষতিগ্রস্ত এলাকায় মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রামে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে পানিবন্দি মানুষের মাঝে খাবার ও ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার (১০ জুলাই) দুপুরে তিনি নগরের পাঁচলাইশ থানাধীন ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং সেখানকার বাসিন্দাদের খোঁজখবর নেন।

এসময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। তারা অক্সিজেন-কুয়াইশ সড়ক, ওয়াজেদিয়া, বোর্ড অফিস, চালিতাতলী বাজার, হাজিপাড়া, বেলতলা ও শহীদনগর এলাকা পরিদর্শন করেন। সেখানে উপস্থিত বন্যা কবলিত মানুষের হাতে রান্না করা খাবার ও শুকনো খাবার তুলে দেন তারা।

মেয়র বলেন, অস্বাভাবিক বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সিটি করপোরেশন, সিডিএ, ওয়াসা, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এবং ফায়ার সার্ভিস সম্মিলিতভাবে পানি সরানোর কাজ করছে। তিনি জানান, জনগণের নিরাপত্তা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ত্রাণ ও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, বৃষ্টি শুরুর পর থেকে মেয়রের নির্দেশে প্রায় ১০ হাজার পরিবারের মাঝে শুকনো ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। পাশাপাশি দ্রুত পানি নিষ্কাশনে প্রকৌশলীদের আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...