তারুণ্যের ক্ষমতায় সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হলে তরুণ প্রজন্মের বিকাশে সরকারের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। শুক্রবার (১০ জুলাই) দেওয়া এক বাণীতে তিনি জানান, বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশই তরুণ, যারা দেশের ভবিষ্যৎ ও মূল চালিকাশক্তি।
রাষ্ট্রপতি বলেন, ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এবারের এই প্রতিপাদ্য সময়োপযোগী। সরকার তরুণদের সুশিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করার পাশাপাশি ডিজিটাল প্রযুক্তিতে পারদর্শী করার জন্য কারিগরি প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এছাড়া মাদক, বাল্যবিবাহ ও সহিংসতা রোধে সামাজিক সচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হচ্ছে।
একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে নাগরিক স্বাস্থ্য ও পরিকল্পিত পরিবারের ওপর জোর দিয়েছেন তিনি। রাষ্ট্রপতির বিশ্বাস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা সবার জন্য সহজলভ্য করা গেলে নতুন প্রজন্ম প্রকৃত মানবসম্পদে পরিণত হবে, যা দেশের সামাজিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

