বন্যাকবলিতদের পাশে দাঁড়াতে প্রশাসনকে নির্দেশ প্রধানমন্ত্রীর
সারাদেশে চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১০ জুলাই) বন্যাকবলিত বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং দ্রুত ত্রাণ সমন্বয়ের নির্দেশ প্রদান করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বন্যাকবলিত এলাকার নারী, শিশু, বিশেষ করে গর্ভবতী মহিলাদের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার নির্দেশ দেন। তিনি উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কাজ আরও সমন্বিতভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম অঞ্চলের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতকে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (১১ জুলাই) ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম সফরে যাবেন তিনি। এছাড়া দুর্যোগের সুযোগে চুরি-ডাকাতি বা অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বর্তমানে কিছু এলাকায় পানি কমতে শুরু করলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় জনপ্রতিনিধিরা কাজ করে যাচ্ছেন।

