চট্টগ্রামে বন্যায় মাছ-ফসলের বিপুল ক্ষতি, কোটি টাকার লোকসানের আশঙ্কা

প্রাইম বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৬ ২:২৪ এএম
চট্টগ্রামে বন্যায় মাছ-ফসলের বিপুল ক্ষতি, কোটি টাকার লোকসানের আশঙ্কা

চট্টগ্রামে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে সৃষ্ট বন্যার কবলে পড়েছে জনজীবন। এই বিপর্যয়ে মানবিক বিপর্যয়ের পাশাপাশি চরম ক্ষতির মুখে পড়েছে জেলার কৃষি ও মৎস্য খাত। প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। প্রাথমিক হিসাবে দেখা গেছে, প্রায় ১০ হাজার পুকুর-ঘের এবং ১৪ হাজার হেক্টরের বেশি কৃষিজমি বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে শত কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলায়। বাঁশখালীতে প্রায় আড়াই হাজার পুকুর ও চিংড়ি ঘের ডুবে যায়, যার আর্থিক মূল্য প্রায় ৪১ কোটি ৫০ লাখ টাকা। সাতকানিয়ায় প্রায় ১০ কোটি ৭৫ লাখ টাকার মাছ হারিয়ে গেছে। এছাড়া লোহাগাড়া, কর্ণফুলী, চন্দনাইশ, বোয়ালখালী, পটিয়া, ফটিকছড়ি ও আনোয়ারা উপজেলায়ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মৎস্য খাতে ৯০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম জানান, এটি স্মরণকালের ভয়াবহ বন্যা। দক্ষিণাঞ্চলের বাঁশখালী ও সাতকানিয়া এখনও পানিবন্দি অবস্থায় রয়েছে। ১৫টি উপজেলার প্রায় সবকটিতেই পুকুর ও ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ণয় করতে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য ইতিমধ্যেই কাজ শুরু করেছে প্রশাসন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...